গণঅভ্যুত্থানে গুরুতর চোখের আঘাতে দৃষ্টিহীন ১ হাজার তরুণ-তরুণী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Published : ১৮:১২, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশের গণঅভ্যুত্থানের সময় গুরুতর আঘাতের কারণে প্রায় এক হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং আরও প্রায় দুই হাজার মানুষের চোখে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। পরে ক্যাম্পটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় এম এ মুহিত বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনামলে যারা জোর করে ক্ষমতায় ছিলেন, তারা মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। তাদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া এবং সমাজকে অন্ধকারে কলুষিত করার রাজনীতি।
এর বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের চোখে আলো ফিরিয়ে দিতে চান বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও বস্তিতে বসবাসকারী মানুষের জন্যও এ সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ছয়টি বিদেশি এনজিওর প্রতিনিধিদলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।





























