সুখবর নেই আবহাওয়া দপ্তরে, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

সুখবর নেই আবহাওয়া দপ্তরে, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১১:৫৮, ৫ অক্টোবর ২০২৪

গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগামী ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে ময়মনসিংহ বিভাগে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৫ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল রয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে। এ সময়ে এটি শক্তিশালী আচরণ করে এবং প্রচুর বৃষ্টি ঝরায়।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী উপজেলাগুলোতে ভারী থেকে খুবই ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। মেঘালয় পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতগুলোর মধ্যে একটি চোখপট নামক স্থান। 

এই স্থানেই সবচেয়ে ভারী বৃষ্টি হচ্ছে এবং স্থানটি শেরপুর জেলার বিপরীতে। ফলে এখানে যে ভারী বৃষ্টি হচ্ছে, তা দ্রুত নেমে আসছে শেরপুরের নদীগুলোতে পাহাড়ি ঢল আকারে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement