নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খাঁন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে দেওয়া মন্তব্যের জন্য অনুতপ্ত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এই কথা জানান এবং ভবিষ্যতে ভাষা ব্যবহারে আরও সংযত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ওই পোস্টে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অকথ্য ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন। এর প্রেক্ষিতে ব্যক্তিগত ক্ষোভ ও ‘টিট ফর ট্যাট’ (যেমন কর্ম তেমন ফল) নীতির অংশ হিসেবে পূর্বে তিনি কিছু কড়া মন্তব্য করেছিলেন।

শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ ও অনুশোচনা
পোস্টে তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ও রাজনৈতিক নেতাদের নিয়ে নানা সময়ে অশ্রাব্য মন্তব্য করায় তিক্ততা তৈরি হয়েছিল। তবে নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তাঁর উচিত হয়নি—দেশ-বিদেশে থাকা তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী এমনটাই মনে করেন। ২০২৪-পরবর্তী রাজনীতিতে প্রতিহিংসার বদলে দেশ গঠন ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর এই অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল তিনি প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার অঙ্গীকার করছেন।

সহনশীল রাজনীতির আহ্বান
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন পর্যায়ে ভাষার ব্যবহারে তিনি সবসময় সতর্ক থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই সতর্কতা আগামীতেও অব্যাহত থাকবে। ঘৃণা ছড়িয়ে কেউ লাভবান হতে পারবে না উল্লেখ করে তিনি জানান, এতে কেবল বিরাজনীতিকরণের উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা গোষ্ঠীই উপকৃত হবে। তাই সবারই উচিত গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটানো।

শেয়ার করুনঃ
Advertisement