আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য: হামিদুর রহমান আযাদ

আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য: হামিদুর রহমান আযাদ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

অনলাইন সংস্করণ

Published : ১৫:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, তাদের চলমান আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং দেশ ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারে যে দলই থাকুক না কেন, জনগণের মৌলিক অধিকার, জানমালের নিরাপত্তা, স্বাধীনতা এবং দৈনন্দিন প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তবে বর্তমান সরকার এসব দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে তারা দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি একই দাবি ও উদ্দেশ্য নিয়ে রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “আমাদের দাবি জনগণের দাবি এবং আমাদের বক্তব্য জনগণের বক্তব্য। এটি কোনো দলীয় ইস্যু নয়।”

সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার ভিত্তিতে গৃহীত জুলাই সনদ, আদেশ ও গণভোটের ফল সরকার উপেক্ষা করেছে। এর মাধ্যমে জনগণের ম্যান্ডেট ও আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং দলীয়করণের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লং মার্চ কর্মসূচি নিয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির প্রথম ধাপ শনিবার শুরু হবে। সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি জানান, কর্মসূচি সফল করতে মাসব্যাপী প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ জন্য একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement