ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক, মাঠে নামছেন ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রতীক, মাঠে নামছেন ৫ প্রার্থী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৮, ৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা বুধবার শেষ হয়েছে। এরপর আসনটিতে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন এখন বিএনপির একক প্রার্থী। বিএনপির পক্ষ থেকে তার জন্য ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধও জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এই আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুনঃ
Advertisement