কন্যাশিশুর নিরাপত্তায় জিরো টলারেন্স, বাল্যবিয়ে রোধে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কন্যাশিশুর নিরাপত্তায় জিরো টলারেন্স, বাল্যবিয়ে রোধে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৬, ১২ অক্টোবর ২০২৬

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে ‘আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হয়।

রাষ্ট্রপতি বলেন, ‘কন্যাশিশু কোনো বোঝা নয়, এটি একটি অফুরন্ত সম্ভাবনার সূচনা।’ তিনি আরও বলেন, কন্যাশিশুর শিক্ষা কোনো দয়া নয়, বরং এটি তার মৌলিক অধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

বক্তব্যের শুরুতে একটি কন্যাশিশুর জন্মকে নতুন স্বপ্ন, ভবিষ্যতের সম্ভাবনা এবং একজন গর্বিত নাগরিকের আগমনের সূচনা হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এক ডানায় ভর করে যেমন কোনো পাখি উড়তে পারে না, তেমনই নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে কোনো সমাজ বা জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।’

বাল্যবিয়ে রোধে কঠোর পদক্ষেপের আহ্বান

চলতি বছরের প্রতিপাদ্য ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব থামিয়ে দেয় এবং তার সম্ভাবনা বিকাশের পথ বাধাগ্রস্ত করে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি অপরাধীদের দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে ১০৯, ১০৯৮ ও ৯৯৯ নম্বর হেল্পলাইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

কন্যাশিশুর শিক্ষা ও কল্যাণে বিনিয়োগের আহ্বান

অভিভাবকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুকে বোঝা হিসেবে না দেখে তাদের শিক্ষা, বিকাশ ও কল্যাণে বিনিয়োগ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে পবিত্র কুরআন ও বিভিন্ন ধর্মের নৈতিক শিক্ষার আলোকে কন্যাশিশুর প্রতি অবহেলা দূর করা এবং সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান রাষ্ট্রপতি।

কন্যাশিশুদের উদ্দেশে বার্তা

কন্যাশিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা, শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং দক্ষতা অর্জনের পরামর্শ দেন রাষ্ট্রপতি। অন্যায় বা নির্যাতনের শিকার হলে নীরব না থেকে বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক কিংবা সংশ্লিষ্ট হেল্পলাইনের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement