আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অনুদান দিল কমিউনিটি ব্যাংক

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অনুদান দিল কমিউনিটি ব্যাংক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩১, ১২ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।

আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড। এতে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ অনুদান প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা তুলে ধরার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ ধরনের আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিজ্ঞানচর্চা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। তরুণদের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, তাদের সিএসআর কার্যক্রমের আওতায় শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধা বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement