রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ‘সাম্প্রদায়িক অপকর্ম’ বললেন নুর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ‘সাম্প্রদায়িক অপকর্ম’ বললেন নুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৩, ১২ অক্টোবর ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনাকে ‘সাম্প্রদায়িক জামাতি অপকর্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুরুল হক নুর। পোস্টে তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এর আগে দেওয়া আরেকটি পোস্টে ভারতের বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বাংলাদেশের জামায়াত-শিবিরের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শিল্পকলা একাডেমির সামনে গ্রাফিতিতে কালি

এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে।

‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলাদেশবিরোধী’ আখ্যা দিয়ে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সভাপতি আ ন ম আয়াসসহ একদল তরুণ-তরুণী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

গ্রাফিতিতে কালি দেওয়ার সময় পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় ঘটনাস্থল থেকে আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৭) আটক করে পুলিশ। পরে রোববার শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে আঁকা হয়েছিল গ্রাফিতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করা ও এলাকার সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে দেয়ালচিত্রগুলো আঁকে।

সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি স্থান পায়।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement