দুর্গাপূজা নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনায় ফাহাম

দুর্গাপূজা নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনায় ফাহাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৪, ২২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগ করত বলে মন্তব্য করেছেন ফাহাম আব্দুস সালাম। তাঁর দাবি, বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে বাধা দেওয়ার মতো সাম্প্রদায়িক মনোভাব নেই। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাষ্ট্রপতির জামাতা এবং বিএনপিপন্থি অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত ফাহাম আব্দুস সালাম।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের শাসনামলে দুর্গাপূজা এলেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা তৈরি হতো। তাঁর ভাষ্য, সাধারণ মুসলমানদের মধ্যে হিন্দুদের পূজা করতে না দেওয়ার মতো সাম্প্রদায়িকতা ছিল না; বরং এ ধরনের পরিস্থিতি তৈরি করাকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বলে মনে করেন তিনি।

ফাহাম আরও উল্লেখ করেন, ৯/১১-এর ঘটনা পরিণত বয়সে দেখেছেন, এমন অনেকের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের নিয়ে একধরনের উদ্বেগ কাজ করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে আশঙ্কা দেখা দেয়।

এবার নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সরকার ও বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাঁর দাবি, আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা না করে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। সাধারণ মুসলমানদের নিয়ে হিন্দু সম্প্রদায়ের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ফাহাম। তবে এসব স্বার্থ রক্ষার জন্য বিএনপির পক্ষ নেওয়া বাধ্যতামূলক নয় বলেও তিনি উল্লেখ করেন।

দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে ফাহাম আশা প্রকাশ করেন, আগামী দিনে ধর্মীয় সহিষ্ণুতা আরও বাড়বে। তবে এ লক্ষ্য অর্জনে এখনো পুরোপুরি সফলতা আসেনি বলেও স্বীকার করেন তিনি। তাঁর মতে, এ ক্ষেত্রে সদিচ্ছা রয়েছে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও অগ্রগতি সম্ভব।

পোস্টের শেষাংশে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে পারলে অনেক কিছুই সম্ভব। অতীতে কোনো উদ্যোগ সফল হয়নি বলে ভবিষ্যতেও তা অসম্ভব—এমনটা ভাবার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement