আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাটের নজির বিশ্বে নেই’: স্পিকার হাফিজ উদ্দিন

আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাটের নজির বিশ্বে নেই’: স্পিকার হাফিজ উদ্দিন ছবি: সংগৃহীত

ভোলা প্রতিনিধি

Published : ১৫:১২, ২০ অক্টোবর ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তাঁর দাবি, দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়ে তোলার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা সেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ সংবর্ধনার আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যারা লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর ভাষ্য, ক্ষমতায় চিরকাল টিকে থাকার ধারণা থেকেই তারা বিপুল সম্পদ দখল ও লুটপাট করেছিল।

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদযাপিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে এর আগে কেউ এ পদে নির্বাচিত হননি। এ অর্জনকে নিজের একার সম্মান নয়, বরং পুরো দেশের সম্মান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

দেশে আওয়ামী লীগ সরকারের সময়কার ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ পুনর্ব্যক্ত করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তারা সম্পদ ও অর্থ বিদেশে নিয়ে গেছে এবং টাকা দিয়ে আইন-আদালত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। বিএনপি সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

শেয়ার করুনঃ
Advertisement