ঢাকায় গ্রেপ্তার ঈশ্বরদী ও আটঘরিয়ার আওয়ামী লীগের তিন নেতা
Published : ১১:২৫, ২০ অক্টোবর ২০২৬
পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৫ আগস্টের পর ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন ওই তিন নেতা। এ সময় তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া রাজধানীতে অবস্থান করে নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়েও তাঁরা তৎপর ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান আসাদ তিন নেতার ঢাকায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে চলে যান।
অন্যদিকে, মকলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন বলে জানান ওসি। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার তিন নেতাকে ঢাকা থেকে ঈশ্বরদী ও আটঘরিয়ায় নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



































