স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া উচিত: স্পিকার
Published : ১৭:০০, ২২ অক্টোবর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে এখন নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, জেলাটিতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ভোলার গ্যাসের পরিমাণ দেশের বর্তমান গ্যাস মজুতের সমপর্যায়ে হতে পারে এবং সেখানে আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ নিয়ে কষ্ট করছেন। গ্যাস তাঁদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
নিজ নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।





























