জরিমানা এড়াতে স্ত্রীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক

জরিমানা এড়াতে স্ত্রীকে ফেলে পালালেন মোটরসাইকেলচালক ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৭:৫৮, ২২ অক্টোবর ২০২৬

ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় রাস্তায় পড়ে যান পেছনে বসে থাকা এক নারী। তবে স্ত্রীকে পড়ে যেতে দেখেও মোটরসাইকেল না থামিয়ে চলে যান তাঁর স্বামী। পরে পুলিশের এক সদস্য ওই নারীকে উঠে দাঁড়াতে সহায়তা করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর জেলার ত্রিশূল চকে ঘটেছে। ওই এলাকায় নম্বরপ্লেট ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল ট্রাফিক পুলিশ। এ সময় এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের সংকেত উপেক্ষা করে ওই চালক মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। ট্রাফিক পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করার সময় পেছনে বসে থাকা তাঁর স্ত্রী রাস্তায় পড়ে যান। কিন্তু চালক মোটরসাইকেল না থামিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ভিডিওতে দেখা যায়, নারীটি রাস্তায় পড়ে যাওয়ার পর পুলিশের এক সদস্য এগিয়ে এসে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। পরে পুলিশ তাঁর সঙ্গে কথা বলে। ওই নারী আঘাত পাননি বলে জানান। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পর তাঁকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ।

তবে এ ঘটনায় মোটরসাইকেলচালকের পরিচয় কিংবা তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement