দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়া বিএনপি সরকারের সাফল্য: নাছির

দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়া বিএনপি সরকারের সাফল্য: নাছির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫২, ২২ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়াকে নির্বাচিত বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা।

পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান এবং সব সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন এবং সতর্ক নজরদারির প্রশংসা করেন নাছির।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্য এবং ব্যক্তিগতভাবে নোয়াখালীর সদর ও সুবর্ণচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

পোস্টের শেষাংশে নাছির উদ্দীন নাছির বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার।’ সব ধর্মের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement