যুবদল নেতা হত্যা, আসামি ২১

যুবদল নেতা হত্যা, আসামি ২১ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ১১:১৩, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন সোনারগাঁ থানায় মামলাটি করেন। এজাহারে আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

নিহত ফকির জহিরুল ইসলামের বয়স ৪৮ বছর। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের খালিয়ারচর গ্রামে। তিনি মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকে জহিরুল ইসলামকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে বলা হয়, গত বুধবার রাতে একটি ওষুধের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহিরুল ইসলাম। এ সময় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথ আটকে দেয় বলে দাবি করেছেন বাদী।

পরে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুনঃ
Advertisement