নতুন চমক নিয়ে হাজির নোয়াখালি এক্সপ্রেস

নতুন চমক নিয়ে হাজির নোয়াখালি এক্সপ্রেস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ৭ ডিসেম্বর ২০২৫

সব ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের। এর আগেই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস দলে একের পর এক চমক যোগ করছে।

সর্বশেষ তারা দলে ভিড়িয়েছে বিশ্বব্যাপী টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞ আফগান স্পিনার জহির খানকে।

জহির ইতোমধ্যেই আইপিএলে রাজস্থান রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড, সিপিএলে মেলবোর্ন স্টার্স, আইএলটি–২০ এ এমআই ইমিরেটস এবং গ্লোবাল টি–টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছেন। শনিবার (৬ ডিসেম্বর) নোয়াখালী এক্সপ্রেস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্পিনারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এর আগে বিপিএলেও তিনি দুই দলে খেলেছেন।

ঘোষণা পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়—আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল এবং আইএলটি–২০ সহ নানা অভিজ্ঞতা নিয়ে ‘ম্যাজিকম্যান’ জহির খান এবার খেলবেন নোয়াখালীর জার্সিতে। তাকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছে তারা।

এরই মধ্যে জনসন চার্লস, কুশল মেন্ডিস ও সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর পর নোয়াখালী এবার দলে টানল অভিজ্ঞ এই আফগান স্পিনারকে। ক্যারিয়ারের ১৩১টি টি–টোয়েন্টি ম্যাচে জহির নিয়েছেন ১৪২ উইকেট, রয়েছে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও। তার সেরা বোলিং ফিগার ৫/১৯। বিপিএলে পূর্বে খেলা চার ম্যাচে তার ঝুলিতে ছিল দুই উইকেট।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে আছেন: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি এবং জহির খান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement