শ্রমিক অসন্তোষে জড়িতদের কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
Published : ১১:২৬, ২ নভেম্বর ২০২৬
দেশের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টির পেছনে কয়েকজন শিল্পমালিক ও সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষের পেছনের কারণ এবং চলমান সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। শিল্প খাতের বিদ্যমান সমস্যা সমাধানের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরির পেছনে কিছু শিল্পমালিক ও সংগঠন জড়িত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এর সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।’
প্রেস ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয় এবং গার্মেন্টস খাতের পরিস্থিতি নিয়ে গৃহীত সিদ্ধান্তের বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
































