পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান শফিকুর রহমানের
Published : ১২:৩৬, ২ নভেম্বর ২০২৬
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে গুরুত্বপূর্ণ এ খাতকে ধ্বংসের চেষ্টা করছে ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্প খাতে ক্ষতি ঠেকাতে সরকারকে কঠোর অবস্থান নেওয়া এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তার ভাষ্য, কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার আদায় করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে ঘিরে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
উদ্ভূত পরিস্থিতিতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

































