ময়নাতদন্তে জানা গেল দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের মৃত্যুর কারণ

ময়নাতদন্তে জানা গেল দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা হাইরন অ্যান্ড্রুজের মৃত্যুর কারণ ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:৫৮, ২২ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের আগের রাতে হোটেলকক্ষে মৃত অবস্থায় উদ্ধার হওয়া দক্ষিণ আফ্রিকার রাগবি খেলোয়াড় হাইরন অ্যান্ড্রুজের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে ময়নাতদন্তের প্রতিবেদন। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের মহাধমনি ছিঁড়ে যাওয়ায় হৃদপিণ্ডের চারপাশের আবরণে বিপুল পরিমাণ রক্ত জমেছিল। ফরাসি কর্তৃপক্ষের প্রতিবেদনে তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রুজের মহাধমনির ক্ষতির কারণে হৃদপিণ্ডের চারপাশে রক্ত জমে প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসকদের ধারণা, রক্তনালির কোনো অংশ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার গুরুতর সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের ইলে দ্য রে দ্বীপে লায়ন্স দলের হোটেলে শাওয়ারের নিচে অচেতন অবস্থায় পাওয়া যায় অ্যান্ড্রুজকে। জরুরি চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফরাসি ক্লাব লা রোশেলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র এক দিন আগে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাগবি অঙ্গনে।

সতীর্থকে শ্রদ্ধা জানাতে শোকের মধ্যেও মাঠে নামে লায়ন্স দল। স্টেড মার্সেল-ডেফল্যান্ড্রে স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাঠে রাখা হয় অ্যান্ড্রুজের ৫ নম্বর জার্সি। স্বাগতিক লা রোশেলের সমর্থকেরাও করতালির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। তবে ম্যাচে ৩১-১৪ ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার দলটি।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা অ্যান্ড্রুজ পেশাদার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন শার্কসের হয়ে। ইংল্যান্ডের সেল ক্লাবেও আড়াই মৌসুম খেলেছেন তিনি। চলতি মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ফিরে লায়ন্স দলে যোগ দিয়েছিলেন এই খেলোয়াড়। তাঁর মরদেহ এখনো ফরাসি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। সেটি দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

অ্যান্ড্রুজের স্ত্রী মাইগলিন ও তাঁদের দুই ছোট সন্তানের পক্ষ থেকে এই শোকাবহ সময়ে সবার কাছে গোপনীয়তা ও ধৈর্য বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। তাঁর সাবেক ক্লাব সেলের রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসনসহ ক্রীড়াজগতের অনেকে এই খেলোয়াড়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ
Advertisement