ডর্টমুন্ডের ১৭ বছর বয়সী মার্কিন উইঙ্গারকে দলে নিতে চায় ম্যানসিটি

ডর্টমুন্ডের ১৭ বছর বয়সী মার্কিন উইঙ্গারকে দলে নিতে চায় ম্যানসিটি ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৫:৫৭, ২০ অক্টোবর ২০২৬

ইউরোপের তরুণ ফুটবল প্রতিভাদের দলে ভেড়ানোর ধারাবাহিকতায় এবার বরুসিয়া ডর্টমুন্ডের মার্কিন উইঙ্গার ম্যাথিস আলবার্টকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। তবে ১৭ বছর বয়সী এই ফুটবলারকে ছাড়তে রাজি নয় জার্মান ক্লাবটি।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আলবার্টকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। গত গ্রীষ্মকালীন দলবদলে তাকে স্থায়ীভাবে দলে ভেড়াতে আনুষ্ঠানিক আগ্রহও দেখিয়েছিল ইংলিশ ক্লাবটি। সে সময় আলবার্টের জন্য ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ইউরো পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত ছিল সিটি।

আলবার্টকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবের। আগে তাকে দলে টানার চেষ্টা করেছিল চেলসিও। গত শীতকালীন দলবদলে তার জন্য একই পরিমাণ অর্থ খরচ করতে রাজি ছিল লন্ডনের ক্লাবটি। এ ছাড়া গত গ্রীষ্মে আলবার্টের বিষয়ে খোঁজখবর নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এখন পর্যন্ত কোনো ক্লাবই তাকে নিয়ে চুক্তি চূড়ান্ত করতে পারেনি।

ডর্টমুন্ডের মূল দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় আলবার্টের ভবিষ্যৎ নিয়ে দলবদলের আলোচনা জোরালো হয়েছে। চলতি মৌসুমে সিনিয়র দলের হয়ে তার খেলার সুযোগ সীমিত থাকলেও কোচ নিকো কোভাচের পরিকল্পনায় তিনি রয়েছেন বলে জানিয়েছে ক্লাবটি। এমনকি তাকে ধারে ছাড়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ডর্টমুন্ড। পাশাপাশি ২০২৭ সালের জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তির আলোচনা এগিয়ে নিতে চায় জার্মান ক্লাবটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আলবার্ট। গত সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর চিলির বিপক্ষে গোল করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়েন এই তরুণ উইঙ্গার। মাত্র ১৭ বছর বয়সেই তার সম্ভাবনা ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।

শেয়ার করুনঃ
Advertisement