এআই না বুঝলে মুসলিম সমাজ উপনিবেশিত হয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম
Published : ১০:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তি নিয়ে মুসলিম আলেম ও সমাজের যথেষ্ট মনোযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসব প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালার কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হবো। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশিত হয়ে পড়ব।’
কেরালার করণথুরে মার্কাজু সাকাফাথি সুন্নিয়ার অনুষ্ঠানে শেখ আবুবকর ফাউন্ডেশনের প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের পর তিনি এসব কথা বলেন। পুরস্কারটি তার হাতে তুলে দেন ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার।
আনোয়ার বলেন, ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে হবে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ও রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়নকে জ্ঞান, দক্ষতা, ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ভিত্তির ওপর এগিয়ে নিতে হবে।
প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ সমাজে প্রবেশ করতে পারে, যা ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

































