মস্কোর গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের রাশেদুল হক রুমি
Published : ১০:২১, ১ অক্টোবর ২০২৬
রাশিয়ার রাজধানী মস্কোয় আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী রাশেদুল হক রুমি।
‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ ফোরামে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন, ডিজিটাল সেবা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কর্মসূচিতে থাকবে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক ও ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।
কালুখালীর বাসিন্দা রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। ওয়েব প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং অবকাঠামো এবং ডিজিটাল সেবায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ডায়ানা হোস্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল সেবাভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদুল হক রুমি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা কীভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন এবং কী ধরনের ডিজিটাল সমাধান তৈরি করছেন, তা কাছ থেকে জানার সুযোগ তৈরি হবে এ আয়োজনের মাধ্যমে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, নতুন ধারণা ও যোগাযোগ দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং ডিজিটাল সেবার উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ হিসেবেও এ আয়োজনকে দেখছেন তিনি।
ফোরামে অংশ নেওয়া বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নতুন ডিজিটাল সমাধান, প্ল্যাটফর্ম ও উদ্ভাবন প্রদর্শন করবে। পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ থাকবে।
রাশেদুল হক রুমি আশা করেন, ফোরাম থেকে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগবে। স্থানীয় পর্যায়ের তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তাবিষয়ক কাজে আগ্রহী করতেও এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।
আয়োজকদের ভাষ্য, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য হলো বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের অংশীজনকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা, বৈশ্বিক ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় করা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা ও অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি করা।
বিষয়ঃ
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410
- বাংলাদেশের প্রযুক্তি খাত
- প্রযুক্তি সম্মেলন
- প্রযুক্তি উদ্যোক্তা
- গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬



































