ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৬, ১ জুন ২০২৬

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ বাড়তে থাকে।

তবে এবার ফিরতি যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। কোথাও বড় ধরনের যানজট বা ভিড়ের চাপ দেখা যায়নি।

ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে এবং যাত্রী পরিবহনও ছিল সুশৃঙ্খল। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ রুটের যাত্রীরা জানান, রাস্তায় যানজট না থাকায় যাত্রা ছিল আরামদায়ক। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা জানান, লঞ্চগুলো ছিল তুলনামূলকভাবে ফাঁকা ও পরিষ্কার। ফলে যাত্রা হয়েছে স্বস্তিদায়ক।

বরিশাল থেকে আসা এক যাত্রী বলেন, সাধারণত ঈদের পর লঞ্চে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এবার পরিস্থিতি অনেক শান্ত ছিল। আরেক যাত্রী জানান, অফিস শুরুর আগে ভিড় এড়াতেই তিনি আগেভাগে ঢাকায় ফিরেছেন।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করেন। ছুটি শেষে সোমবার থেকে অফিস-আদালতে যোগ দেবেন কর্মজীবীরা।
 

শেয়ার করুনঃ
Advertisement