চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফি মারা গেছেন
Published : ১৩:১৪, ২২ জুন ২০২৬
রাজধানীর কাফরুল এলাকায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে তার মৃত্যু হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রাফিকে আটকের চেষ্টা করেন পারভেজ ও ফয়সাল ওরফে কালু। একপর্যায়ে কালু তাকে থামাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরা ছুড়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; বরং পূর্বশত্রুতা এবং মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মো. পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনোয়ার হোসেন বাবু নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাফির মৃত্যুর পর মামলার ধারা পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে কার্যক্রম পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


































