দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ? এআই দিয়ে তৈরি

Business Daily Desk

Published : ২০:৩১, ১৯ জুন ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১১ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, সংশ্লিষ্ট দুই এলাকায় স্থাপিত সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে এবং নিয়মিতভাবে ট্রাফিক আইন প্রয়োগ ও নজরদারির কাজ করছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সম্প্রতি কারওয়ান বাজার এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ভুলবশত ক্যামেরা ব্যবস্থার একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে প্রায় দুই দিন ক্যামেরার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হলেও দ্রুত কারিগরি ত্রুটি সমাধান করে সিস্টেম পুনরায় চালু করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, এআই ক্যামেরা স্থায়ীভাবে বন্ধ বা স্থগিত করা হয়েছে—এমন তথ্য ভিত্তিহীন। বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্থাপিত ক্যামেরাগুলো ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং ডিজিটাল প্রসিকিউশন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।

তিনি জানান, লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্তে এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও ওঠে। এ বিষয়ে আনিছুর রহমান বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক বিভাগ অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর সড়কে শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে। স্বয়ংক্রিয় নজরদারির ফলে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বেড়েছে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত এআই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং ডিজিটালভাবে মামলা ও নোটিশ পাঠানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এই ব্যবস্থা আরও কার্যকর করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement