ভোলার গ্যাসকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের বিশাল সম্ভাবনা: তথ্যমন্ত্রী
Published : ০২:০৯, ৬ জুন ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্পায়ন গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে ‘বরিশাল জেলা সমিতি, ঢাকা’ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বড় ধরনের বিনিয়োগ আকর্ষণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা অপরিহার্য। দক্ষিণাঞ্চলে গ্যাসের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ বিদ্যমান থাকায় এ অঞ্চলকে শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, ভোলার গ্যাসভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে শুধু দক্ষিণাঞ্চলের অর্থনীতিই নয়, জাতীয় উৎপাদন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও নাগরিক সংগঠনগুলোকেও উন্নয়ন-সংক্রান্ত দাবিগুলো নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত উন্নত সড়কব্যবস্থা থাকলেও তা এখনও কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারিত হয়নি। দ্রুত সড়ক উন্নয়ন না হলে ভবিষ্যতে যানবাহনের চাপ বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
তিনি আরও বলেন, পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদা পূরণে চট্টগ্রাম ও মোংলা বন্দরের পাশাপাশি পায়রা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।
পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উপযুক্ত নীতিগত সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এর ফলে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিমা রহমান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের শিক্ষা, সমাজসেবা, শিল্প ও ব্যাংকিং খাতে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।


































