ডিএমপির অভিযানে ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা

ডিএমপির অভিযানে ফুটপাত দখলকারীদের সতর্কবার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৫, ১ এপ্রিল ২০২৬

রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক পর্যায়ে অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানের সময় ফুটপাতের ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে তাদের সরে যেতে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি মাথায় রেখে আপাতত তাদের সরতে অনুরোধ করা হয়েছে। তবে যদি তারা আবারও ফুটপাত দখল করে বসেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ফুটপাতের এসব দোকানের সঙ্গে অনেকের জীবিকা জড়িত থাকায় প্রথম ধাপে সচেতন করা হয়েছে। আজকের অভিযানে তাদের বুঝিয়ে বলা হয়েছে যাতে তারা নিজ উদ্যোগে সরে যান। তবে ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে এবং নিয়মিত তদারকি করা হবে। কেউ যদি দ্বিতীয়বারের মতো আবার এখানে দোকান বসান, তাহলে জরিমানা, মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযানের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যেসব দোকান ফুটপাতের বাইরে অতিরিক্ত সম্প্রসারণ (এক্সটেনশন) করেছে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তবে কেউ যদি আবারও এ ধরনের দখল বা সম্প্রসারণ করে, তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement