দুই মাসের মধ্যেই ঢাকা ছাড়ার সম্ভাবনা অনেকের
Published : ২১:৫২, ৩ এপ্রিল ২০২৬
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা করে বলেছেন,
বিশ্বজুড়ে চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যেই ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে স্থানান্তরে বাধ্য হতে পারেন।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।
বক্তব্যে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বব্যাপী চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও মারাত্মকভাবে পড়তে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি এই বৈশ্বিক সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। তাই এখনই সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
এ সময় তিনি দেশের জনগণকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি ধৈর্য ধারণ করে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শও দেন।
বিডি/এএন



































