সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
Published : ১১:২৩, ১১ মে ২০২৬
রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে আলোচনায় আসা নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গুলশানে নবদম্পতির বাসায় গিয়ে উপহার পৌঁছে দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনও তাদের কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের আনন্দের মুহূর্তে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা তাদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী একটি সভা শেষে হঠাৎ একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আকস্মিক উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় বর তখনও সেখানে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভকামনা জানান।
রোববার প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন মানবিক উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নবদম্পতির পরিবার এটিকে জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।



































