সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
Published : ০০:১০, ২৪ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে এই চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবআতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সারা দেশের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাসের চেক প্রশাসক ও মেয়রদের হাতে তুলে দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীগুলোকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন। তিনি ‘ক্লিন সিটি’ গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে নগর এলাকায় জলাবদ্ধতা প্রতিরোধে খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার জন্যও সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা এবং সিলেট সহ ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মোট উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরের আগেও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



































