মহালয়ায় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু, ঢাকেশ্বরী মন্দিরে ভারতের হাইকমিশনার

মহালয়ায় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু, ঢাকেশ্বরী মন্দিরে ভারতের হাইকমিশনার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০০, ১০ অক্টোবর ২০২৬

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার আয়োজনে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠান উদ্বোধনের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ধর্মীয় আয়োজনে যোগ দেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবীর আগমনী বার্তা প্রচার করা হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুসারে, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব।

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement