মিরপুরের রাড্ডা ক্লিনিকের সাইনবোর্ড পুনঃস্থাপন, চলছে সংস্কারকাজ
Published : ১৩:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার কয়েকদিন পর সরিয়ে ফেলা হয়েছে সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড। সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্লিনিকটিকে দখলমুক্ত ঘোষণা করে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড পুনঃস্থাপন করা হয়েছে।
সোমবার সকালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা আগের সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়।
হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে সংস্কারকাজও শুরু হয়েছে। তবে সংস্কারকাজের কারণে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।


































