২.৩ বিলিয়ন ডলারে ezCater কিনছে উবার, নেতৃত্বে বাংলাদেশি-আমেরিকান নিহাদ
Published : ১১:২৭, ৮ অক্টোবর ২০২৬
প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে বোস্টনভিত্তিক ক্যাটারিং প্রযুক্তি প্রতিষ্ঠান ezCater অধিগ্রহণ করতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও রাইড শেয়ারিং কোম্পানি Uber Technologies। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ দশমিক ০৭ টাকা ধরে এই চুক্তির মূল্য দাঁড়ায় প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা।
চুক্তির পুরো অর্থ নগদে পরিশোধ করবে উবার। এই অধিগ্রহণের বিশেষ দিক হলো, ezCater-এর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান প্রযুক্তি নির্বাহী নিহাদ রহমান।
বোস্টনভিত্তিক ezCater মূলত অফিস, করপোরেট অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের জন্য খাবার ও ক্যাটারিং অর্ডারের প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। নিহাদ রহমান ২০২২ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। পরে তিনি কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন।
উবারের এই অধিগ্রহণের ফলে Uber Eats-এর সেবায় করপোরেট ক্যাটারিং ব্যবসা যুক্ত করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খাবার সরবরাহের বাজারে উবারের অবস্থান আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই চুক্তি শুধু বড় একটি প্রযুক্তি অধিগ্রহণ হিসেবেই নয়, বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রযুক্তি নেতৃত্বের সাফল্যের দৃষ্টান্ত হিসেবেও আলোচনায় এসেছে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও স্টার্টআপ অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের অংশগ্রহণ ও নেতৃত্বের পরিধি বাড়ছে। ezCater-এর মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্বে নিহাদ রহমানের ভূমিকা এবং উবারের বিপুল অঙ্কের অধিগ্রহণ সেই প্রবণতারই একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।



































