সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Published : ১৮:৩৮, ১১ অক্টোবর ২০২৬
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সংগঠনটির সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারাকে সমাজের জন্য দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি। অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
ঢাকায় কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা ও মমত্বের কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি বলেন, “আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।” ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য ফোরামের সদস্যদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সজাগ থাকা এবং স্থানীয় সাফল্য ও অর্জনগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তাঁরা সাংবাদিকদের পেশাগত সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা ও গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























