শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় শনাক্ত, পুলিশ হেফাজতে ছষ্টি চন্দ্র বর্মণ

শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় শনাক্ত, পুলিশ হেফাজতে ছষ্টি চন্দ্র বর্মণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪১, ১১ জুন ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে থাকা বৃদ্ধের পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম ছষ্টি চন্দ্র বর্মণ (৬০)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দালাই গ্রামে। তিনি বাবু চন্দ্র বর্মণের ছেলে।

ছষ্টি চন্দ্র বর্মণ জানিয়েছেন, প্রায় দুই মাস আগে তিনি রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে অবস্থানকালে তিনি গরু রাখালের কাজ করতেন। পরবর্তীতে সীমান্ত এলাকায় এসে শূন্যরেখায় আটকা পড়েন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং স্বজনরা বকশীগঞ্জে আসছেন। পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে তথ্য সঠিক প্রমাণিত হলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, যাচাইয়ের সময় পরিচয় সংক্রান্ত কোনো অসঙ্গতি পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement