গণমাধ্যমের খবরে বদলে গেল তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবন, ব্যাংক হিসাবে জমা ১২ লাখ টাকা

গণমাধ্যমের খবরে বদলে গেল তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবন, ব্যাংক হিসাবে জমা ১২ লাখ টাকা প্রতিবন্ধী তিন ভাই। : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৩, ৮ জুন ২০২৬

একসময় দুবেলা খাবার জোগাড় করতেই যেখানে সংগ্রাম করতে হতো, সেখানে এখন মানবিক মানুষের সহায়তায় নতুন আশার আলো দেখছেন পটুয়াখালীর বাউফলের তিন প্রতিবন্ধী ভাই। দেশ-বিদেশের মানুষের সহমর্মিতায় তাদের জন্য খোলা বিশেষ ব্যাংক হিসাবে ইতোমধ্যে জমা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা।

বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের দাসনগর এলাকার বাসিন্দা রিপন দাস, সাধু দাস ও নিধু দাস জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন। বাবা-মায়ের মৃত্যুর পর তারা চরম মানবেতর জীবন কাটাচ্ছিলেন।

সম্প্রতি তাদের অসহায় জীবনসংগ্রামের গল্প বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। এরপরই সহায়তার হাত বাড়িয়ে দেন দেশ ও প্রবাসে থাকা অসংখ্য মানবিক মানুষ।

তিন ভাইয়ের স্বজন অমিত দাস জানান, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ প্রথম বিষয়টি জানতে পেরে তাদের উপজেলা পরিষদে ডেকে নেন এবং নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। পরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে মানুষের সহানুভূতি ও সহযোগিতা বাড়তে থাকে।

স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাউফল উপজেলা বিএনপিও তাদের পাশে দাঁড়ায়। বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেন।

ক্রমবর্ধমান সহায়তা ব্যবস্থাপনা ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্রণী ব্যাংকের বাউফল শাখায় তিন ভাইয়ের নামে একটি বিশেষ যৌথ ব্যাংক হিসাব খোলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ জানান, হিসাবটি তিন ভাইয়ের উপস্থিতিতেই চালু করা হয়েছে। তবে অর্থের সুরক্ষা নিশ্চিত করতে টাকা উত্তোলনের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার তদারকি ও অনুমোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, এই তহবিলের অর্থ তিন ভাইয়ের চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে। পাশাপাশি জমাকৃত অর্থ থেকে প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশের মাধ্যমে তাদের নিয়মিত জীবনযাপনের ব্যয় নির্বাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশাসনের এই উদ্যোগ এবং সাধারণ মানুষের সহযোগিতায় একসময় অবহেলা ও অনিশ্চয়তায় থাকা তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবনে এখন নিরাপত্তা ও আশার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement