একসঙ্গে পুড়ল তিন মহল্লার ৩০০ বাড়ির টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস
Published : ১০:২৩, ১৩ আগস্ট ২০২৬
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় অতিরিক্ত ভোল্টেজের কারণে প্রায় ৩০০ বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বিকল একটি ট্রান্সফরমার মেরামতের পর বিদ্যুৎ সংযোগ চালু করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাখরাবাজ মোল্লাপাড়া, মধ্যপাড়া ও স্কুলপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে স্থানীয়রা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
খবর পেয়ে নেসকোর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রান্সফরমারের পরিবর্তে একটি পোর্টেবল ট্রান্সফরমার স্থাপন করেন। রাত ২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করার পরপরই মসজিদের সামনে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব পুড়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে এর আগেই তিনটি মহল্লার বিভিন্ন বাড়ির টেলিভিশন, ফ্রিজসহ বহু ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে যায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা নেসকোর কয়েকজন কর্মীকে আটকে রাখেন। এ সময় তাদের ওপর হামলারও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নেসকোর কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেসকোর কর্মীদের ভুলের কারণেই এ ঘটনা ঘটেছে। অতিরিক্ত ভোল্টেজের কারণে বাড়িগুলোর বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি পুড়ে যেতে পারে বলে জানান তিনি।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ তিনটি লাইনের মাধ্যমে করা হয়। কোনো কারণে দুটি লাইন এক হয়ে গেলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। এ ঘটনায় এমন কিছু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোথায় ত্রুটি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেও একসঙ্গে এতগুলো বাড়ির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর তালিকা তৈরির কাজ চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সূত্র: আরটিভি




























