শাল্লায় সাবেক ছাত্রলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার

শাল্লায় সাবেক ছাত্রলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০০, ১৩ আগস্ট ২০২৬

সুনামগঞ্জের শাল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে।

পুলিশের ভাষ্য, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

শাল্লা থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে গোপন অভিযান চালিয়ে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে অরিন্দম চৌধুরী অপুকে সুনামগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অরিন্দম চৌধুরী অপুর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement