চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

নাটোর সদর উপজেলায় নিজ চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান জানান, নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার সময় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই কয়েকজন অজ্ঞাত অস্ত্রধারী নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে। তারা আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঈনুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ
ঘটনার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলে জানিয়েছেন ওসি মুনসুর রহমান।

তিনি বলেন, কারা এবং কী কারণে চিকিৎসককে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির পর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ
Advertisement