চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
Published : ১৯:৪৭, ৬ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অন্তত ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ নিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে ডিম ও বনরুটি বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা একে একে অসুস্থ বোধ করতে শুরু করে এবং পরিস্থিতির অবনতি হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের পেটব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গ রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পুষ্টির জন্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও খাবারের মান নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন। নিম্নমানের খাবারের কারণে শিশুরা অসুস্থ হলে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হয়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করছে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম-গাক’। এ বিষয়ে বক্তব্য জানতে গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগেও জেলার আরও চারটি বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল।
































