৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচরকে পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক

৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচরকে পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে: ডিএসসিসি প্রশাসক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী পাঁচ বছরের মধ্যে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরকে একটি আধুনিক, সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তরিত করার আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

কামরাঙ্গীরচরের নতুন সম্ভাবনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, বিশ্বের অনেক শহরই একসময় প্রতিকূল পরিবেশ বা ময়লা-আবর্জনায় বিপর্যস্ত ছিল, যা পরবর্তীতে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের সূচনা প্রতিকূল পরিবেশে হলেও সবার সহযোগিতা ও সঠিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সবাই এক একটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা ও সুবাসেই আগামী দিনে কামরাঙ্গীরচর আলোকিত হয়ে উঠবে। নিজেদের সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চারপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমাদের নিতে হবে।’

অনুষ্ঠানে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement