ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
Published : ১১:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এর ফলে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে আবারও হামলা শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে আন্তরিক হলে ইরান আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে, তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলে এবং লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার প্রস্তাবও দিয়েছে তেহরান।
আরাগচি বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের। ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর কয়েক ঘণ্টা পর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরান মার্কিন শর্ত পূরণ করবে কি না, তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ২২ সেপ্টেম্বর রয়টার্স জানায়, ট্রাম্প নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথা বললেও ইরানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে সামরিক চাপ কমানোর বিষয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে অনাগ্রহী ছিলেন।
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবে এগোচ্ছে। ফলে যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি






























