রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পুরো জ্বালানি বা ইউরেনিয়াম আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে বাংলাদেশে আসবে। এ সময়ে মোট সাতটি ফ্লাইটে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি দেশে আনার কথা রয়েছে। এর সঙ্গে প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় কিছু জ্বালানিও আসবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

২৪ সেপ্টেম্বর রূপপুরের জন্য নির্ধারিত একটি জ্বালানিবাহী কার্গো ফ্লাইট বাংলাদেশে আসতে পারেনি। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এয়ার স্পেস-সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইটটি পাঠানো সম্ভব হয়নি। তবে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, এ বিলম্বে প্রকল্পের কাজের গতিতে কোনো প্রভাব পড়বে না।

প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইউনিট-১-এর প্রয়োজনীয় জ্বালানি ইতোমধ্যে রাশিয়া থেকে এনে লোড করা হয়েছে। ইউনিট-২-এর জ্বালানির প্রথম চালান আগামী ৮ অক্টোবর আসার কথা রয়েছে।

কবীর হোসেন জানান, চুক্তি অনুযায়ী রাশিয়া রূপপুর প্রকল্প এলাকায় জ্বালানি সরবরাহ করবে। পারমাণবিক জ্বালানি দেশে প্রবেশের পর এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিজস্ব নিরাপত্তা বাহিনী না থাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর নিরাপত্তায় জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।

রোসাটম ২৪ সেপ্টেম্বর রাতে প্রকল্প কর্তৃপক্ষকে ফ্লাইট বিলম্বের কথা জানায়। পরবর্তী ফ্লাইটের সময়সূচি লিখিতভাবে জানাতে রোসাটমকে অনুরোধ করা হলেও গতকাল বিকাল পর্যন্ত নতুন সময়সূচি পাওয়া যায়নি।

প্রকল্প পরিচালক বলেন, ইউনিট-১-এ প্রায় পাঁচ মাস আগে জ্বালানি লোড করা হলেও এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই জ্বালানি পৌঁছেছিল এবং বর্তমান বিলম্বে প্রকল্পের কার্যক্রমে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

রোসাটমের বাংলাদেশের জনসংযোগ সংস্থা ট্রাইউইন গ্রুপ জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সাতটি ফ্লাইটে ইউনিট-২-এর ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ইউনিট-১-এর প্রয়োজনীয় কিছু জ্বালানিও আনা হবে। রোসাটম জানিয়েছে, এই সময়সূচি বাস্তবায়নে তাদের কোনো সমস্যা নেই।

শেয়ার করুনঃ
Advertisement