স্ক্রিনশট ভাইরাল, মধ্যরাতে ছাত্রদল নেতা হামিমের স্ট্যাটাস
Published : ১১:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, ১২ বছর আগে খোলা তার একটি ফেসবুক আইডিকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির গুজব ও অপপ্রচার চালাচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। সেখানে কয়েকটি স্ক্রিনশটও যুক্ত করেন হামিম।
স্ক্রিনশটগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের প্রতি সমর্থনমূলক বিভিন্ন বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির পুরোনো কিছু পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে হামিমকে একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে লিখতে দেখা যায়।
নিজের অবস্থান ব্যাখ্যা করে হামিম দাবি করেন, এসব পোস্ট ২০১৪ সালের, যখন তিনি অষ্টম শ্রেণিতে পড়তেন। তিনি ওই পুরোনো আইডিকে কেন্দ্র করে অপপ্রচার চালানোর অভিযোগ তোলেন এবং তার পরিবারের সদস্যকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে জানান।
স্ট্যাটাসের শেষ দিকে ‘CRY More’ লিখে হামিম বলেন, তিনি ও অন্যরা যখন প্রকাশ্যে বিভিন্ন কথা বলতেন, তখন সংশ্লিষ্টরা আওয়ামী লীগের মিছিলে স্লোগান দিতেন—এমন দাবি করেন তিনি।
































