যাত্রাবাড়ীর ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, ৩ লাখ টাকা জরিমানা
Published : ১৪:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার যাত্রাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম পাওয়ায় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে সায়দাবাদের ৮/৬ নম্বর পৌর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতিটিতেই তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি ১০ লিটার তেল পরিমাপে পাঁচটি ইউনিটে যথাক্রমে ৫৩০, ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার করে কম পাওয়া যায়। এ কারণে পাঁচটি ইউনিটই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দ্রুত পরিমাপ সঠিক করার নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মিলন হোসেন।





























