মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর, আগুন

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর, আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে একটি স্থানে আগুনও জ্বলতে দেখা যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় হকারদের ভাষ্য, সকালে সিটি করপোরেশনের কর্মীরা হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকানপাট উচ্ছেদে গেলে সেখানে একটি বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এর মধ্যে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কথাও জানা গেছে।

ঘটনাস্থলের আশপাশে কিছু আনসার সদস্যকে মিরপুর-১৩ নম্বরের দিকে যেতে দেখা যায়। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হোপ মার্কেট এলাকায় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে একটি পুলিশের পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটিকেও লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় বলে জানা গেছে।

ঘটনার সময় কয়েকশ হকার সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুরে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতির মধ্যে ছবি ও ভিডিও ধারণেও বাধা দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদেরও সেখানে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

পোড়া গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন হকারদের হামলার শিকার হন বলে জানা গেছে।

ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শেয়ার করুনঃ
Advertisement