মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে আগুন-ভাঙচুর, যান চলাচল ব্যাহত

মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে আগুন-ভাঙচুর, যান চলাচল ব্যাহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হকারদের দাবি, সকালে সিটি করপোরেশনের লোকজন হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান শুরু করেন। এ সময় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তারা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোপ মার্কেটের পাশে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম দিকে একটি স্থানে আগুন জ্বলছে। আগুন লাগার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে একটি পুলিশের পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হকাররা জানান, আগুনের স্থানে বিভিন্ন ধরনের মালামাল ছিল। এদিকে উত্তেজনার একপর্যায়ে কয়েকশ হকার হামলা ও ভাঙচুর চালান। সিটি করপোরেশনের দুটি গাড়িও ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনার সময় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষ ও উত্তেজনার প্রভাবে মিরপুর-১০ এলাকার সড়কে যান চলাচলও ব্যাহত হয়।

ঘটনার বিষয়ে সিটি করপোরেশন ও পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement