সিরাজদিখানে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়িচাপায় নিহত ১
Published : ১২:০৪, ৭ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাতনামা এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। জানানো হয়, নিমতলা আন্ডারপাসের সামনে সার্ভিস লেনে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে একটি অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় বা ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও দায়ী গাড়িটি শনাক্তে আইনগত প্রক্রিয়া চলছে।
































