মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা

মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪২, ১৯ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওমর আলীর মৃত্যুর প্রায় এক বছর পর তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মৃত ব্যক্তিকে আসামি করে মামলা দায়েরের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি নথিভুক্ত করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. বুলু মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরে পিআইও হিসেবে দায়িত্ব পালন করা ওমর আলীর বিরুদ্ধে অভিযোগ, চাকরিকালে অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে তাঁর স্ত্রী হোসনে আরার নামে ১ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৫৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন।

মামলায় হোসনে আরাকে এক নম্বর এবং মৃত ওমর আলীকে দুই নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে তাঁদের পরিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করলেও তাঁদের স্থায়ী বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ায়।

পারিবারিক সূত্র জানায়, ওমর আলী ২০২৫ সালের ১ নভেম্বর মারা যান। তাঁর মৃত্যুর প্রায় এক বছর পর মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন তাঁর ভাই সাইফুর ইসলাম। তিনি ঘটনাটিকে ‘মৃত্যু নিয়ে তামাশা’ বলে অভিহিত করেছেন।

দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পরও অভিযুক্ত ব্যক্তি জীবিত নাকি মৃত, তা নিশ্চিত না করেই মামলা দায়েরের ঘটনায় দুদকের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের অনেকে।

এ বিষয়ে দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বিষয়টিকে ‘ভুল’ বলে স্বীকার করেছেন। তিনি জানান, ছয় মাস আগে মামলার অনুমোদন প্রক্রিয়া চলার সময় ওমর আলীর মৃত্যুর বিষয়টি তাঁদের জানা ছিল না। তবে তদন্তের সময় মামলার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুনঃ
Advertisement