গাজীপুরে পৃথক আগুনে তিন ঝুট গুদাম পুড়ে ছাই, ক্ষতি ৫০ লাখ টাকা
Published : ১৩:১২, ১৯ অক্টোবর ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ ঈদগাহ মাঠসংলগ্ন রনি মিয়ার ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর সোমবার ভোরে একই এলাকার বাঘিয়া অংশে রাসেল মিয়া ও এনামুল হকের দুটি ঝুট গুদামে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে মজুত বিপুল পরিমাণ ঝুট কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমবাগ ও বাঘিয়া এলাকায় পৃথক দুটি আগুনে তিনটি ঝুট গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়ার বিষয়টি তদন্তসাপেক্ষ।






























